প্রণোদনা না পেয়ে রিট করলেন গার্মেন্টস মালিক
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শ্রমিকদের বেতনের জন্য সরকারঘোষিত প্রণোদনা না পেয়ে হাই কোর্টে রিট আবেদন করেছেন একটি পোশাক কারখানার মালিক। আজ বৃহস্পতিবার এ রিটের শুনানি নিয়ে হাই কোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ভার্চ্যুয়াল বেঞ্চ রিট আবেদনটি আদালত চালু হওয়ার পর নিয়মিত বেঞ্চে উপস্থাপনের পরামর্শ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।
অমিত দাস গুপ্ত জানান, রিটকারীর যুক্তি বিজিএমইএ কমপিটেন্ট সার্টিফিকেট দিয়েছে, তারপরও বাংলাদেশ ব্যাংক থেকে প্রণোদনা পায়নি। এ কারণে প্রণোদনা চেয়ে রিটটি করা হয়। আদালত রিট আবেদনটি নিয়মিত বেঞ্চে উপস্থাপন করতে বলেছেন।
জানা গেছে, নারায়ণগঞ্জের তারাবো হিমেল সোয়েটার ফ্যাশন প্রা. লিমিটেডের মালিক সাখাওয়াত হোসেনের পক্ষে ১ জুন রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলাম। রিটে প্রণোদনা দিতে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। রিটের বিবাদী করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ও ইসলামী ব্যাংকসহ সংশ্লিষ্টদের।
রিটকারী আইনজীবী বলেন, ‘গত ২ এপ্রিল সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, প্রণোদনা চেয়ে বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করেন সাখাওয়াত হোসেন। আবেদনে উল্লেখ করা হয়, আমার শ্রমিকদের মার্চ, এপ্রিল ও মে মাসের বকেয়া বেতন দেওয়ার জন্য প্রণোদনা প্রয়োজন। আবেদনটিতে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ'র প্রেসিডেন্ট রুবানা হকের সুপারিশও ছিল, যাতে বলা হয়, সাখাওয়াত হোসেন প্রণোদনা পাওয়ার উপযুক্ত। কিন্তু তার ব্যাংক হিসাব ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংক প্রণোদনার আওতায় নেই। তাই তিনি প্রণোদনা পাননি। তাই বাংলাদেশ ব্যাংকে বরাবর করা আবেদনের নিষ্পত্তি দাবিতে হাই কোর্টে রিট আবেদন করেন সাখাওয়াত।’

No comments
Welcome to join our family. Apparel Merchandiser Club of Bangladesh Ltd. Est. On : 04-09-2009 Year 11 Govt. REG No:C 101387 । সদস্য হউন –MEMBERSHIP OPEN FOR ALL .আগ্রহীরা Kindly fill-up below Membership Form http://bit.ly/2DqMC3p