চট্টগ্রামে রেডজোনে গার্মেন্টস খোলা, পরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ



মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে দীর্ঘ প্রস্তুতি নিয়ে লকডাউন করা হয়েছে চট্টগ্রামের প্রবেশপথ ১০ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড। তবে সকাল হতেই দেখা যায়, এলাকার বহিরাগত হাজার হাজার পোশাক শ্রমিক লকডাউনের বাধা উপেক্ষা করে রেডজোন এলাকায় অবস্থিত তৈরি পোশাক কারখানার কর্মস্থলে প্রবেশ করছে। রেডজোন কার্যকর এলাকা থেকে কেউ বের হবে না কিংবা বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবে না- এমন কঠোরতা নিয়ে ঢাকঢোল পিটিয়ে যে লকডাউন শুরু হয়েছে তা প্রথমদিনেই এসব পোশাক শ্রমিকের অবাধ বিচরণের কারণে ভেস্তে যেতে বসে। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হওয়ায় টনক নড়ে প্রশাসনের। পরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর হস্তক্ষেপে গার্মেন্টসগুলো বন্ধ করার ব্যবস্থা করা হয়।
স্থানীয় সূত্র জানায়, রেডজোনকৃত ১০ নং ওয়ার্ডের আওতাধীন এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ অবস্থায় দেখা যায়। রাস্তার গণপরিবহন ও রিকশা দেখা যায়নি। তবে কয়েকটি গার্মেন্টস সম্পূর্ণভাবে কার্যক্রম চালাচ্ছে এমন অভিযোগ পাওয়া যায়। সকাল থেকেই লকডাউনের আশপাশের এলাকার হাজার হাজার শ্রমিক রেডজোনে থাকা উত্তর কাট্টলী এলাকায় অবস্থিত এইচ.বি ফ্যাশন, এইচকে.টিজি গার্মেন্টস, কাট্টলী টেক্সটাইল লিমিটেড ও গারটেক্স গার্মেন্টস লিমিটেডের কর্মস্থলে প্রবেশ করতে দেখা যায়। এ সময় শ্রমিকরা রাস্তার মুখে বাঁশ দিয়ে আটকে রাখা অস্থায়ী ব্যারিকেড টপকে লকডাউন এলাকায় প্রবেশ করে। খবর ছড়িয়ে পড়লে করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
এমন পরিস্থিতিতে, ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর ও রেডজোন এলাকার সভাপতি নিছার উদ্দিন আহমেদ মঞ্জু প্রশাসনের সহযোগিতা চায়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান ও গালিব চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনী, আওতাধীন আকবরশাহ ও পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ নিয়ে উক্ত গার্মেন্টসগুলিতে সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনার সম্পর্কে জানানো হয় এবং তাদেরকে লকডাউন মেনে চলার জন্য নির্দেশনাও দেওয়া হয়।
প্রসঙ্গত, করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০টি ওয়ার্ডকে সংক্রমণ প্রবণ এলাকা (রেড জোন) হিসেবে ঘোষণা করা হয়েছে।
ওয়ার্ডগুলো হচ্ছে উত্তর কাট্টলী, উত্তর-মধ্যম হালিশহর, দক্ষিণ-মধ্যম হালিশহর, দক্ষিণ হালিশহর, চকবাজার, দেওয়ানবাজার, জামালখান, এনায়েত বাজার, লালখান বাজার এবং উত্তর হালিশহর ওয়ার্ড। এর মধ্যে উত্তর কাট্টলী ওয়ার্ডে প্রথম দফায় লকডাউনের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম সিটি করপোরেশন।
দুই দিন ধরে প্রস্তুতির পর মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে লাগোয়া উত্তর কাট্টলী ওয়ার্ডে কঠোরভাবে লকডাউন কার্যকরের কথা জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
সিটি কর্পোরেশন এলাকার রেডজোনের সভাপতি নিছার উদ্দিন আহমেদ মঞ্জু কালের কণ্ঠকে বলেন, ‘লকডাউনের প্রথম দিনটি নিশ্চিন্তে পার হলেও আবাসিক এলাকার মধ্যে গড়ে উঠা কিছু গার্মেন্টসের কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। বুধবার থেকে লকডাউন শুরু হবে জানার পরও আমার এলাকার ৬টি গার্মেন্টসের মধ্যে ৪টি গার্মেন্টস আজ পুরোদমে চালু ছিল। এসব মালিককে বলার পরেও তারা নিজেদের স্বার্থে সিদ্ধান্তে অটল ছিল। পরে আমরা তাদের বলেছি যদি ২১ দিন গার্মেন্ট কর্মীদের কারখানার অভ্যন্তরে থাকা-খাওয়ার ব্যবস্থা রেখে নিয়ম মেনে কারখানা খোলা রাখতে পারেন তাহলে আমাদের আপত্তি নেই। কিন্তু কোনোভাবেই বাইরে থেকে শ্রমিক আসা-যাওয়া করতে পারবে না। তারা আমাদের বলেছে, যে সকাল ৬টার মধ্যে শ্রমিকরা গার্মেন্টসে প্রবেশ করবে এবং সন্ধ্যার পর তারা বের হবে। কিন্তু আমরা তাদের এমন সিদ্ধান্ত মেনে নেইনি। বৃহত্তর স্বার্থে সরকারের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান কালের কণ্ঠকে বলেন, ‘উত্তর কাট্টলী ও আশপাশে চালু থাকা গার্মেন্টস কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন আমাদের সহযোগিতা চাইলে আমরা সেখানে গিয়ে লকডাউনের মধ্যেও গার্মেন্টসগুলো চালু থাকা অবস্থায় দেখতে পাই। আমরা তাদের পরামর্শ দেই, যদি কারখানা চালু রাখতে হয় তাহলে আগামী ২১ দিনের জন্য কর্মীদের কারখানার অভ্যন্তরে থাকা-খাওয়া নিশ্চিত করে চালু রাখা যাবে। এই ২১ দিনের মধ্যে কোন শ্রমিক কারখানা থেকে বের হতে পারবে না কিংবা বাহির হতে ঢুকতে পারবে না। আমাদের এমন কঠোর অবস্থানে কারখানা কর্তৃপক্ষ আমাদের সামনেই কারখানা ছুটি দিয়ে দেয়। আমরা আগামীকালও দেখবো তারা আইন মানছেন কিনা। অমান্য করলে তখন আইন অনুযায়ী পদক্ষেপ নিবো।
Collected News :kalerkantho







Welcome to join our family. Apparel Merchandiser Club of Bangladesh Ltd. Est. On : 04-09-2009 Year 11 Govt. REG No:C 101387 । সদস্য হউন –MEMBERSHIP OPEN FOR ALL .আগ্রহীরা Kindly fill-up below Membership Form http://bit.ly/2DqMC3p

No comments

Welcome to join our family. Apparel Merchandiser Club of Bangladesh Ltd. Est. On : 04-09-2009 Year 11 Govt. REG No:C 101387 । সদস্য হউন –MEMBERSHIP OPEN FOR ALL .আগ্রহীরা Kindly fill-up below Membership Form http://bit.ly/2DqMC3p

Theme images by mariusFM77. Powered by Blogger.